
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ডা. তাসনিম জারা। তবে কৃতজ্ঞতার সঙ্গে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ ও সহানুভূতি জানিয়েছেন যে তিনি সংসদে থাকছেন না। এসব ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। ডা. তাসনিম জারা বলেন, নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত এবং সংরক্ষিত আসন থাকলেও তা জনগণের ভোটে নির্ধারিত হওয়া উচিত।
তিনি জানান, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং ১৯ দিনের প্রচারণায় ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ থাকলেও তা মেনে নিয়েছেন এবং ভবিষ্যতেও জনগণের ভোটে নির্বাচিত হয়েই সংসদে যেতে চান বলে মন্তব্য করেন তিনি।
সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাবেন বলেও জানান এই চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
Leave a Reply