
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কাফরুল এলাকায় একটি গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কাফরুল থানাধীন একটি গার্মেন্টস কারখানার অফিস কক্ষে মালিক কামরুল ইসলাম (৩৩) কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জন দুষ্কৃতকারী সেখানে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দেয়। একপর্যায়ে দুই দুষ্কৃতকারী পিস্তল বের করে তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে গিয়ে পেছনের ফাইল কেবিনেটের গ্লাস ভেঙে দেয় এবং অপর গুলিটি দেয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২০ এপ্রিল দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে মিরপুর-১৩ এলাকা থেকে রাসেল মোল্লা (৩৫) এবং একইদিন রাত ১০টায় সাভার এলাকা থেকে রুমান তালুকদার (২৬)-কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply