
দেশে স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বিশেষজ্ঞ হাসপাতাল ও উন্নত ল্যাব সুবিধা রাজধানীকেন্দ্রিক। এ অবস্থা থেকে বের হয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একজন চিকিৎসক শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিক আচরণের মাধ্যমেও রোগীর আস্থা অর্জন করেন। রোগীর সঙ্গে ভালো ব্যবহার অনেক সময় ওষুধের মতোই কার্যকর ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, উন্নত দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাজ্য-এর মতো দেশেও স্বাস্থ্যসেবা পরিচালনায় চ্যালেঞ্জ রয়েছে। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিস-এর উদাহরণ টেনে বলেন, সেখানেও সরকার স্বাস্থ্যসেবা পরিচালনায় চাপের মুখে রয়েছে।
স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ থাকলেও সঠিক মানসিকতা ও উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
তিনি মাঠপর্যায়ে ব্যবস্থাপনার উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং বলেন, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব।
এছাড়া সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীদের ঢাকায় পাঠাতে হচ্ছে, যা কমাতে স্থানীয় পর্যায়ে সেবা নিশ্চিত করা জরুরি।
Leave a Reply