
মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, যেকোনো যুক্তিসংগত কারণে আইনে নির্বাচন স্থগিত করার সুযোগ রয়েছে। তবে প্রশ্নে সব প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি কবিতার ভাষায় বলেন, “তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি।”
তিনি আরও বলেন, ঢাকাসহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের স্বার্থে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিশেষ করে ঢাকার বার অ্যাসোসিয়েশনে ২২ হাজারের বেশি আইনজীবী সদস্য রয়েছে, যাদের নির্বাচন ২৯ তারিখে হওয়ার কথা।
এর আগে সংসদ সদস্য আখতার হোসেন জ্বালানি সংকটের কারণ দেখিয়ে হঠাৎ করে নির্বাচন স্থগিত করার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একদিকে সরকার জ্বালানি সংকট নেই দাবি করছে, অন্যদিকে একই কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন হওয়ার কথা বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply