
বিশ্ব জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ও প্রভাব নতুন করে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী কিছু খালি তেলবাহী ট্যাঙ্কার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে। এসব ট্যাঙ্কার যুক্তরাষ্ট্র থেকে উচ্চমানের তেল ও গ্যাস সংগ্রহ করবে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, বিশ্বের পরবর্তী দুই বৃহৎ তেল উৎপাদনকারী দেশের সম্মিলিত মজুদের চেয়েও বেশি তেল বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং তাদের জ্বালানির মানও বিশ্বে শীর্ষস্থানীয়। জ্বালানি আমদানিতে আগ্রহী দেশগুলোর উদ্দেশ্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে তেল সরবরাহে প্রস্তুত।
তার এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংবেদনশীল শান্তি আলোচনার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ হতে পারে।
তবে হরমুজ প্রণালীর পরিস্থিতির সঙ্গে ট্রাম্পের ঘোষণার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবুও অনেকের মতে, এটি বিশ্ব জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের ইঙ্গিত বহন করে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
Leave a Reply