
স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের চাঞ্চল্যকর এনজিও কর্মী গণধর্ষণ মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে র্যাব-১৩ (দিনাজপুর) এবং র্যাব-৪ (সাভার)-এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো তৈয়বপুর রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার ৫ নম্বর আসামি মোঃ ফরিদুল ইসলাম ওরফে হুলু (২৫)কে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রানীরবন্দর শাখার একজন কর্মী। গত ২৮ জানুয়ারি প্রধান আসামি মোঃ আতিকুল ইসলাম (২৪) ভিকটিমকে ফোন করে কয়েকজন গ্রাহক পলিসি করবে বলে জানায়। পরে কৌশলে তাকে দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন নশরতপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা কয়েকজন আসামি তাকে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় এক আসামি ঘটনার ভিডিও ধারণ করে। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভিকটিম চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারে তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply