
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বুধবার বিকেলে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউটের পর রাজপথে নামার হুঁশিয়ারি বাস্তবায়নের পথে এগোচ্ছে সংশ্লিষ্ট জোট। এর অংশ হিসেবে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
হামিদুর রহমান আযাদ বলেন, রাজপথের আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং সংস্কারের বিষয়টি আড়াল করে কেবল সংবিধান সংশোধনের দিকে মনোযোগ দিচ্ছে। পাশাপাশি তিনি সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগও তোলেন।
এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট নিরসনে ব্যর্থতারও সমালোচনা করেন।
Leave a Reply