
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— আরমান হক বিপু ওরফে যুব (২১), মোঃ ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) ও আলী হোসেন (৫০)।
থানা সূত্রে জানা যায়, নিহত সাদমান সাইফ রাইভি (২৩) সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।
পরবর্তীতে ২৬ মার্চ তার পিতা গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একইদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী এলাকায় একটি অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে পরিবারের সদস্যরা নিহতের পরিহিত জার্সিতে “RAIVI” লেখা দেখে তাকে শনাক্ত করেন।
পুলিশ জানায়, ২৬ মার্চ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে উত্তর কুতুবখালী এলাকার একটি খাল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।
তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ মার্চ ভোরে গ্রেফতারকৃত দুই আসামি ভিকটিমকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের পেছনে আরও কয়েকজন ছিল। ধারণা করা হচ্ছে, ২৩ মার্চ রাত থেকে ২৬ মার্চ সকালের মধ্যে যেকোনো সময় আসামিরা পরস্পর যোগসাজশে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেয়।
এ ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন জুবায়েরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে এবং ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
পরবর্তীতে ২৮ মার্চ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply