
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ থানার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ আউয়াল হাওলাদার (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, ২৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটে গাজীপুর জেলার গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন আগরপুর গ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রধান আসামি আউয়াল হাওলাদারসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতা রবিউল ইসলামের উপর হামলা চালায়।
হামলার একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর আসামি আত্মগোপনে থাকলেও র্যাব-৩ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর জেলার বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply