
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কৌশলে গাঁজা বহনকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানাধীন কৃষ্ণপুর গ্রামের পাঁঠাকাটা মোড় সংলগ্ন মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে ভ্যানের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভ্যানচালক মো. এমদাদুল (৪০)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে তানোরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এছাড়া উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলেও জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply