
যুক্তরাষ্ট্রজুড়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে বিমানবন্দরে দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্ট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
হোয়াইট হাউসের বর্ডার জার টম হোমান রোববার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৩ মার্চ) থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, দেশজুড়ে অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আইস এজেন্ট মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, লাগার্ডিয়া বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দর, জর্জ বুশ আন্তঃমহাদেশীয় বিমানবন্দর এবং ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও কয়েকটি বিমানবন্দর।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা জানান, আইস এজেন্টরা সরাসরি যাত্রী তল্লাশি করবেন না; বরং প্রবেশ ও প্রস্থান পথ তদারকিসহ সহায়ক দায়িত্ব পালন করবেন। এতে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তারা মূল নিরাপত্তা তল্লাশিতে বেশি মনোযোগ দিতে পারবেন এবং লাইনের চাপ কমবে।
এই সিদ্ধান্তের পেছনে আংশিক সরকারি শাটডাউন বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে হাজার হাজার টিএসএ কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন, ফলে জনবল সংকট তৈরি হয়ে বিমানবন্দরের সেবায় বিঘ্ন ঘটছে। সাম্প্রতিক সময়ে যাত্রীদের কয়েক ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই উদ্যোগকে ‘অভূতপূর্ব ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের কথা বলেন। পাশাপাশি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণেও এই পদক্ষেপ ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দেন।
তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অপ্রশিক্ষিত আইস এজেন্টদের বিমানবন্দরে মোতায়েন সাধারণ যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আইস ও টিএসএ কর্মকর্তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, সহায়ক ভূমিকায় থাকলে এজেন্টদের কার্যকারিতা সীমিত হতে পারে, আবার কেউ বলছেন এতে বিভ্রান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
যাত্রীদের মধ্যেও ভিন্নমত দেখা গেছে। কেউ এই উদ্যোগকে প্রয়োজনীয় বললেও, অনেকে আইস এজেন্টদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রশাসন আশা করছে, এই অস্থায়ী পদক্ষেপ ব্যস্ত ভ্রমণ মৌসুমে বিমানবন্দরের চাপ কমাতে এবং যাত্রীদের অপেক্ষার সময় হ্রাস করতে সহায়ক হবে।
Leave a Reply