
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে এখন কঠিন সময় অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব পড়ছে দেশের ওপর, ফলে সামনে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তে পারে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল মানুষকে বেহেশতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে। ধর্মকে এভাবে ব্যবহার করা ঠিক নয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা তারা পছন্দ করে না। তিনি সবাইকে সৎ থাকা ও হালাল উপার্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়।
খাল খনন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে গেছে, তবে এ কারণে পাম্পে ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি খাতের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য দুর্ভাগ্যজনক। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবে। এছাড়া সারা দেশে ২০ হাজার খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply