
দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ ইসরাইলকে আর সমর্থন বা সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জিউইশ নিউজ সার্ভিস (জেএনএস) এ তথ্য জানিয়েছে।
এর আগে গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে ওঠা গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে বার্লিন ইসরাইলের পক্ষে দাঁড়ানোর পরিকল্পনা করেছিল। তবে এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দেশটি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহার জানান, আইসিজেতে ইসরাইলের পক্ষে জার্মানির আর কোনো হস্তক্ষেপ বা মধ্যস্থতা থাকবে না।
এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন নিকারাগুয়া কর্তৃক দায়ের করা পৃথক এক মামলায় জার্মানিকে নিজেই আইসিজেতে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরাইলকে সহায়তা দিয়ে জার্মানি গণহত্যায় সমর্থন জুগিয়েছে।
হিন্টারসেহার বলেন, জার্মানি এখন ওই আইনি প্রক্রিয়ার অংশ হয়ে পড়েছে। ফলে ইসরাইলের মামলায় মনোযোগ না দিয়ে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে দেশটি।
উল্লেখ্য, গাজা ইস্যুতে এতদিন ইসরাইলের অন্যতম কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিল জার্মানি। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আল জাজিরা।
Leave a Reply