
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সাভারের তেতুলঝোড়া এলাকায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মো. মাজাহারুল হক বিপ্লব (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সাদিয়া আক্তার টুম্পার সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে আসামি মাজাহারুল হক বিপ্লবের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ফেব্রুয়ারি মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ভিকটিম পরিবারের অজান্তে স্বামীর সঙ্গে সাভার মডেল থানাধীন একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বাসার মালিক ঘরের বাইরে তালা ঝুলতে দেখে সন্দেহ করেন। জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে ভিকটিমকে শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি ৯৯৯-এ ফোন করেন। পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে ভিকটিমকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে র্যাব-৪ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-৪ ও র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল ১৯ মার্চ ২০২৬ তারিখে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে পরকীয়ার সম্পর্কে জড়িত বলে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। এর জের ধরে ঘটনার দিন তিনি ভাড়া বাসায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ঘরের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply