
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘটিত রাকিব হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—মোঃ গোলাম রসুল শিহাব (২১), মোঃ রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০), মোঃ সাগর ফকির (২৬) এবং মোঃ সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম মোটরসাইকেল পার্ক করার সময় ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা পেছন থেকে পিস্তল দিয়ে একাধিক গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ গোলাম রসুল শিহাবকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনার লবনচরা এলাকা থেকে মোঃ রাফিন শেখ ও শাহারিয়ার নাজিম জয়কে এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকা থেকে মোঃ সাগর ফকিরকে গ্রেফতার করা হয়।
এদিকে সিটিটিসি সূত্রে জানা যায়, ১৮ মার্চ রাত আনুমানিক ৩টায় গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মোঃ সালাউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত সালাউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও ভাড়াটে খুনিদের মূলহোতা। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply