
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম মোছাঃ রীনা বেগম (২০)।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার দক্ষিণ গোরান হাওয়াই গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রীনা বেগম একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সিটিটিসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply