
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
দীর্ঘ ছয় মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সরকারি সরবরাহ বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ (রামেক)। ফলে টিকা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ২৮০ থেকে ৩২০ জন রোগী জলাতঙ্কের টিকা নিতে আসেন। কিন্তু সরবরাহ না থাকায় সামর্থ্যবান রোগীরা বাইরে থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে আনলেও দরিদ্র রোগীরা বিপাকে পড়ছেন। অনেক ক্ষেত্রে একাধিক রোগী একটি ভায়াল ভাগ করে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
নার্সরা জানান, অতীতে টিকার ঘাটতি দেখা দিলেও সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার ঘটনা ঘটেনি। বর্তমানে রোগীরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনলে তবেই ইনজেকশন দেওয়া সম্ভব হচ্ছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গত কয়েক মাসে একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি কবে নাগাদ ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কিছুদিন বাজার থেকে ভ্যাকসিন কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও গত তিন সপ্তাহ ধরে সেই কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে রোগীদের কষ্ট আরও বেড়েছে।
Leave a Reply