
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হাম-এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে সরকার বদ্ধপরিকর।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়।
তিনি আরও জানান, ধাপে ধাপে দেশের বড় সিটি করপোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম চালু হয়েছে এবং আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এ কর্মসূচি বিস্তৃত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দ্রুত ও গুরুত্বের সঙ্গে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে পারলে একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এই টিকাদান কর্মসূচি শিশুদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদরা শুধু নির্বাচনের সময় নয়, সবসময় জনগণের পাশে থাকেন—এ ধারণা প্রতিষ্ঠারও এটি একটি বড় সুযোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিনিধিরা।
Leave a Reply