
বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী মাসদার হোসেন।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হঠাৎ করে বাতিল করা হচ্ছে, যা বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল। তার মতে, এই সিদ্ধান্তগুলো জনগণের মতামতের প্রতিফলন নয়; বরং জনমত যাচাই করা হলে অধিকাংশ মানুষ এর বিরোধিতা করবে।
গুমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে যারা গুমের শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তারাই আজ সংসদ সদস্য। তাদের কাছ থেকেই গুমের প্রকৃত সংজ্ঞা নির্ধারণের আহ্বান জানান তিনি।
আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৮ জন বিচারককে শোকজ করার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন—যেখানে বিচারকদের সামান্য প্রয়োজনেও সুপ্রিম কোর্টের অনুমোদন লাগে, সেখানে আইনমন্ত্রী কোন ক্ষমতায় তাদের কাছে ব্যাখ্যা চান।
তিনি আরও সতর্ক করে বলেন, আন্দোলনকারীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে গঠিত রাষ্ট্র ব্যবস্থার প্রতি অবিচার করা হলে তার পরিণতি ভালো হবে না। সীমিত কয়েকজনের চিন্তায় রাষ্ট্র পরিচালিত হলে তা দেশের জন্য অশুভ ইঙ্গিত বহন করে।
আলোচনায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী হাসান তারিক চৌধুরী, ড. মো. সাজ্জাদ হোসেন এবং জুলাই আন্দোলনের নেতা আরিফ সোহেল।
উল্লেখ্য, মাসদার হোসেন ‘সরকার বনাম মাসদার হোসেন’ মামলার বাদী হিসেবে সুপরিচিত। তার দায়ের করা মামলার রায়ের ভিত্তিতেই বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার প্রক্রিয়া শুরু হয়, যা পরবর্তীতে রাষ্ট্রীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে।
Leave a Reply