1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবের চেতনার প্রতিফলন বর্তমান সরকার: অ্যাটর্নি জেনারেল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ—এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল জানান, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ একটি ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার সুস্পষ্ট এবং সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।

শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইবুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছেন। এ রায়ে সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে এবং সরকার কিংবা আসামিপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। তিনি আরও বলেন, প্রতিক্রিয়া জানাতে মিডিয়ার পরিবর্তে আদালতের আশ্রয় নেওয়াই যথাযথ।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তাই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থানের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় বিষয়ে মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছেন, তবে সেটি চূড়ান্ত নয়। বিষয়টি সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত হবে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News