
মহাবিপন্ন শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টির বেশি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি বিলাসবহুল জাহাজে বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন সেভের চেয়ার জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
প্রধান বন সংরক্ষক বলেন, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা এখন মাত্র ২৪৮টি। চার দশক আগে এ সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। এ বিপন্ন প্রজাতির বিলুপ্তি ঠেকাতে ২০১১ সাল থেকে ‘এশিয়ান ভলচার্স ফ্রম এক্সটিংশন’ কাজ করছে।
এর আগে ২০০৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। শকুন সংরক্ষণে প্রথমবারের মতো বাংলাদেশে এ আন্তর্জাতিক সভা হচ্ছে।
সভায় শকুনের জন্য সম্পূরক খাদ্যের ব্যবস্থা, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধান বন সংরক্ষক আরও বলেন, শকুনের দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকার নির্ধারণ এবং এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে সম্মিলিত উদ্যোগ ত্বরান্বিত করার জন্য এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply