শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না বলে তিনি নিশ্চয়তা দিচ্ছেন। একই সঙ্গে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে নির্যাতনের শিকার শিক্ষকদের পাশে থাকার কথা জানিয়ে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করা শিক্ষকদের প্রমাণসহ তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সার্বজনীন বদলির বিষয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কাজ করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ১৯ জানুয়ারির শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ ঘোষণা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
শিক্ষক বদলি প্রসঙ্গে তিনি এনটিআরসিএর সমালোচনা করে বলেন, সংস্থাটি নকল সনদের কারখানায় পরিণত হয়েছে। অতীতে সিলেটের একজন নারী শিক্ষককে ভোলায় এবং রংপুরের একজন নারী শিক্ষককে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির অপেক্ষায় থেকে অনেক নারী শিক্ষকের বিবাহবিচ্ছেদ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বদলির আবেদন নেওয়ার পরও তা বাস্তবায়ন না করার কারণ জানতে চান সেলিম ভূঁইয়া। সরকারকে অবিলম্বে বদলি কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন এবং শিগগিরই তা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এসব ঘটনা তাঁরা সহজে ভুলে যাননি বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর সমালোচনার প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, একজন বয়স্ক ব্যক্তিকে আটক করা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। অথচ সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ৮৬ বছর বয়সেও আদালতের বারান্দায় ঘুরেছেন এবং তাঁকে হ্যান্ডকাফ পরানো হয়েছিল। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তাঁকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে আদালতে নেওয়া হতো। তিনি ৪০টি মামলার আসামি ছিলেন।
পাঠ্যপুস্তকে তথ্য উপস্থাপন প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে পাঠ্যবইয়ে শেখানো হয়েছে। তাঁর দাবি, শিক্ষকদের দিয়ে এসব লেখা তৈরি করানো হয়েছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি এ বিষয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন সঞ্চালনা করেন সমিতির কুমিল্লা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
Leave a Reply