1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার মানোন্নয়নে নানা প্রস্তাব

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক শামীম শিবলীসহ অন্য অতিথিরা।

সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিদ্যালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব দেন তাঁরা। পাশাপাশি মধ্যাহ্ন বিরতি বাতিল করে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা চালুর দাবি জানান। তাঁদের মতে, এ ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতিও বাড়বে।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়েও উদ্বেগ জানান শিক্ষকরা। তাঁদের মতে, বর্তমান অনুপাতের কারণে পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানের পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তাঁরা।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনায় বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব দেন শিক্ষকরা।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে শিক্ষকরা নিরাপত্তার স্বার্থে সীমানাপ্রাচীর নির্মাণ এবং আধুনিক পাঠদানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে। শিক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থাও করা হবে।

শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে অংশ নিতে পারে।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে যথাযথভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে নেওয়া সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News