1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

পুলিশের জন্য ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।

নতুন পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে এসব পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন পদগুলো সৃষ্টি করা হয়েছে। এ-সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে। নিয়োগের পরবর্তী কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের শর্ত এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

অনুমোদিত ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডে সৃজন করা হয়েছে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত রাখা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি দেয়। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।

এদিকে, কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন আবেদন করেছেন।

চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকেন। অন্যদিকে এসআইরা অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News