বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের জমায়েতের চেষ্টা থাকলেও কোথাও বড় ধরনের সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে ফিরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক ছিল এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, মিরপুরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সকাল থেকে কোথাও সড়ক অবরোধ বা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে কিছু শ্রমিক জমায়েত হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল জানিয়ে তিনি বলেন, কেউ যাতে শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে যান চলাচল ব্যাহত করতে বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক ছিল।
আটকের বিষয়ে মহিদুল ইসলাম বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তাঁরা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, দাবিদাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই এ আন্দোলনের আর যৌক্তিকতা নেই বলে মনে করে পুলিশ। এরপরও কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন লঙ্ঘনের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply