1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

চার ঘণ্টার বেশি সময় পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতার কারণে প্রায় চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হয়।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ।

এ বিষয়ে ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে থাকে। রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা খুলে দেওয়ার পর এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের কার্যক্রমও সচল হয়।

তবে তিনি বলেন, বিভ্রাটের প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আগামী কয়েক দিন বিমান চলাচলে এর প্রভাব থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো উল্লেখ করে ডাফি এটি আধুনিকায়নে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে ডাফি বলেন, এতে যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয় এবং বহু যাত্রী আটকে পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News