পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি নিলামে ৮ হাজার ৫১০ টাকায় কিনেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মাছটি স্থানীয় আড়তে তোলা হলে নিলামের মাধ্যমে তিনি সেটি কিনে নেন।
জেলে নবী হোসেন জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এ অঞ্চলে জেলেদের জালে ধরা পড়া এটিই প্রথম বড় ইলিশ। ছোট মাছের পাশাপাশি বড় ইলিশটি পেয়ে এবং ভালো দামে বিক্রি করতে পেরে তিনি খুশি। তাঁর মতে, এ ধরনের বড় মাছ ধরা পড়লে জেলেরা আর্থিকভাবে লাভবান হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘ঘরামী ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী মাছটি কিনেছেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।
জয়নাল ঘরামী বলেন, সমুদ্রে মাছের পরিমাণ কম। বর্তমানে পাওয়া মাছের বেশিরভাগই জাটকা। বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে প্রায় সাড়ে আট হাজার টাকায় কিনেছেন তিনি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় এটি ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।
Leave a Reply