1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ধানমন্ডিতে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা, ছাত্রলীগ নেত্রী উর্মিকে গ্রেফতার দেখানো

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে গুলিতে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী খাদিজা আক্তার উর্মিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করা উর্মি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সাদিয়া আক্তার সেতু।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মো. সজিব ইসলাম (৩২) নামে এক যুবক পিঠ ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় হত্যাচেষ্টা মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খাদিজা আক্তার উর্মির প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অন্য মামলায় তিনি কারাগারে থাকায় এ মামলাতেও তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News