সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তীব্র ব্যথায় কাতরাতে থাকা এই বাঁহাতি ব্যাটারকে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলে আমির জাঙ্গু লেগ সাইডে ফ্লিক করলে বাউন্ডারির দিকে ছুটে যান সাদমান। বল আটকাতে গিয়ে নিচু হওয়ার সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। এতে তীব্র ব্যথা নিয়ে মাঠে পড়ে যান তিনি।
দ্রুত মাঠে আসেন দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা না কমায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। পরে ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে হুইলচেয়ারে করে হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের প্রকৃত অবস্থা জানতে এমআরআই পরীক্ষা করানো হবে।
এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চোটের বিস্তারিত জানানো হয়নি। তবে এই চোটের কারণে চলমান টেস্টে সাদমানের আর ব্যাটিংয়ে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোট গুরুতর হলে দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।
Leave a Reply