1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত আব্দুল এল-সাঈদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মঙ্গলবার (৪ নভেম্বর) মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন তিনি। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এল-সাঈদের এ জয় ডেমোক্র্যাট দলের প্রগতিশীল শিবিরের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি রিপাবলিকানদের দখলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

নির্বাচনে এল-সাঈদ পেয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট। অন্যদিকে, মাইক রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। ফলে ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে জয়ী হন এল-সাঈদ।

৪২ বছর বয়সী এল-সাঈদ এর আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমজীবী পরিবারের জীবনযাত্রার ব্যয় কমানো, রাজনীতিতে করপোরেট গোষ্ঠীর প্রভাব হ্রাস এবং সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা চালুর প্রতিশ্রুতি দেন। তাঁর প্রচারণার অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘মেডিকেয়ার ফর অল’।

অন্যদিকে, ৬৩ বছর বয়সী মাইক রজার্স সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআইয়ের সাবেক এজেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া রজার্স প্রচারণায় এল-সাঈদকে কট্টরপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তাঁকে ‘জিহাদি’ আখ্যা দেওয়ার পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তোলেন রজার্স। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন এল-সাঈদ।

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করায় এল-সাঈদের বিরুদ্ধে ইহুদি ভোটারদের সমর্থন আদায়েরও চেষ্টা করেন রজার্স। তবে শেষ পর্যন্ত অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচনে পরাজিত হন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News