বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিআইজি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। কারখানা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে। শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কার্যক্রম চলমান। এর মধ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী ও উসকানিদাতারা শ্রমিকদের ব্যবহার করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মঙ্গলবার তেমন কোনো সহিংসতা ঘটেনি।
শ্রমিক আন্দোলন ও পুলিশ-বিজিবির সংঘর্ষের পর মঙ্গলবার দিনভর গাজীপুরের কালিয়াকৈরে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিলেন।
সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে চন্দ্রা ত্রিমোড়ে অবস্থান নেন সংসদ সদস্য মজিবুর রহমান। পরে পল্লী বিদ্যুৎ এলাকায় শান্তিপূর্ণ মিছিল ও পথসভায় শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভাঙচুর ও মহাসড়ক অবরোধ থেকে বিরত থাকতে বলেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনভর বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। বেলা ১১টায় মৌচাক এবং দুপুর ১টায় পল্লী বিদ্যুৎ এলাকায় তাঁরা সড়কে নামলেও পুলিশ, বিজিবি ও বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় সরে যান। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, গাজীপুর জেলা পুলিশ গত রাত থেকে মঙ্গলবার পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Leave a Reply