1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠনের উদ্যোগ ইসরাইলের চার বিরোধী দলের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের আলোচনা শুরু করতে একমত হয়েছেন দেশটির চার বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় বৈঠক করে দ্রুত জোট আলোচনা ও সংসদীয় কৌশল সমন্বয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

বৈঠকে ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াচাদ দলের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান এবং ইসরাইল বেইতেনুর আভিগদর লিবারম্যান অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদও।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও চার বিরোধী দলের আসনসংখ্যা ৪৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১৯টি আসন পাওয়া দুটি আরব দলের সমর্থন প্রয়োজন। তবে বিরোধী নেতাদের অধিকাংশই আরব দলগুলোকে জোটে নিতে আগ্রহী নন। ফলে সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে নেতানিয়াহু সরকারকে সরিয়ে জাতীয় জরুরি সরকার গঠনের অঙ্গীকার করেন বিরোধী নেতারা। নতুন সরকারের ভিত্তি হিসেবে ইসরাইলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা এবং গাজায় হামাসের সামরিক সক্ষমতা ও শাসনের অবসানের বিষয়গুলো তুলে ধরা হয়।

নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হলে বিরোধীদের অন্যতম পদক্ষেপ হতে পারে লিকুদ পার্টির আমির ওহানাকে স্পিকারের পদ থেকে সরানো। তাঁর পরিবর্তে ইয়ার লাপিদকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার নেওয়ার কথা রয়েছে।

এদিকে, ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন ও আহমেদ তিবির সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহু সরকারকে সরাতে সংসদীয় সমন্বয় এবং আরব জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় সেখানে। গোলান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার পক্ষে থাকলেও অন্য বিরোধী নেতারা এ বিষয়ে আপত্তি জানিয়েছেন।

অন্যদিকে, লিবারম্যান দাবি করেছেন, আরব দলগুলোর সমর্থন ছাড়াই স্থিতিশীল সরকার গঠন সম্ভব। তবে কীভাবে তা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বিরোধীদের জোট গঠনের উদ্যোগের সমালোচনা করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটির অভিযোগ, বিরোধীরা সন্ত্রাসবাদের সমর্থকদের ওপর নির্ভরশীল একটি সরকার গঠন করতে চায়। তবে বিরোধী নেতারা নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর নতুন সরকার গঠনের পথও স্পষ্ট নয়। বিরোধীরা সরকার গঠনে ব্যর্থ হলে ইসরাইলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News