যশোরের অভয়নগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমান।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ২৬ অক্টোবর বিদ্যালয়ে ক্লাস চলাকালে বাথরুমে গেলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শিক্ষক ইমরান হোসেন। পরে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায় মেয়েটি। এরপর পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর অভিভাবকেরা ঘটনার পরপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বিষয়টি জানান। কিন্তু তিনি কোনো প্রশাসনিক বা আইনি পদক্ষেপ না নিয়ে দপ্তরি মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply