বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার তাহসিফের বাবা সংবাদমাধ্যমকে জানান, দ্বীপ নামে তাঁর এক বন্ধু বাসায় এসে তাহসিফকে ডেকে নিয়ে যান। তখন মাকে তাহসিফ বলেছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবেন। এরপর আর বাসায় ফেরেননি তিনি।
পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বীপকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন—এমন তথ্য পাওয়া গেছে। তাঁরা কোথায় কোথায় গিয়েছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তাহসিফ প্রকাশ করেছিলেন—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply