1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অন্যত্র সংযুক্তিতে থাকা আরও সাত চিকিৎসককে মূল কর্মস্থলে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনে দেখা যায়, হাসপাতালের ৫১ চিকিৎসকের মধ্যে ১২ জন কর্মস্থলে নেই। তাঁদের সাতজন অন্যত্র সংযুক্তিতে কর্মরত থাকলেও বাকি পাঁচজন দীর্ঘদিন ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, পাঁচজন চিকিৎসক অনুপস্থিত। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে চিকিৎসকসংকট নিরসনে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পদায়নের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর নতুন ৪৪৮ জন চিকিৎসক যোগদান করবেন। তাঁদের মধ্য থেকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক দেওয়া হবে। তবে এখানে কতজনকে পদায়ন করা হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

এদিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় কিডনি রোগীদের চিকিৎসাসুবিধা বাড়াতে হাসপাতালে ১০টি ডায়ালাইসিস যন্ত্র স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘মহিলাদের ওপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। প্রসূতিদের জন্য ২০টি শয্যা থাকবে। নবজাতক শিশুদের জন্যও ২০টি শয্যার ব্যবস্থা করা হবে। এখানে নারী ও পুরুষের জন্য ফিজিওথেরাপি এবং ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে।’

আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে হাসপাতাল উন্নয়ন প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে হাসপাতালের জরাজীর্ণ ভবনগুলোর অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আগের তুলনায় ভালো মনে হলেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের ভেতরের অপরিচ্ছন্ন পরিবেশকে স্বাস্থ্যসেবার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি জানান, হাসপাতালের বর্জ্য ফেলার স্থান অত্যন্ত নোংরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপজেলায় উপযুক্ত জমি নেই। অন্যদিকে পৌরসভাও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে নিষেধ করেছে।

এ সমস্যা সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় অ্যাম্বুলেন্সসংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি অ্যাম্বুলেন্স পুল গঠনের বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News