1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর-১৩ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

তিনি জানান, নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে গত ২৫ অক্টোবর থেকে এসআরবি-১৩ সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনের দিনসহ পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। ভোটের আগে, ভোটগ্রহণের দিন ও ভোট-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

নিরাপত্তা জোরদারে নির্বাচনী এলাকায় ছয়টি ভ্রাম্যমাণ টহল দল ও দুটি আঘাত মোকাবিলায় প্রস্তুত বিশেষ টহল দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি নাশকতা ও বিস্ফোরকসংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত কুকুরের দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এসব দলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে ড্রোন ও সদস্যদের শরীরে স্থাপিত ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য চালু করা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ।

সংবাদ সম্মেলনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপতথ্য ও উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়। সাংবাদিকদেরও তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এসআরবি-১৩। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দলগুলো প্রস্তুত থাকবে।

নির্বাচনসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের কথা রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের ভোটের মধ্য দিয়ে এ আসনের নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News