সমালোচনা ও শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক পর্যায়ে মোট ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সমাবর্তন কমিটির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্ধারিত ফি অনুযায়ী, স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকাসহ মোট ৪ হাজার টাকা দিতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৪ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকাসহ মোট ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে স্নাতক (সম্মান) ও বিবিএ ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ছিল ৫ হাজার টাকা। মূল সনদ ফিসহ মোট খরচ ছিল ৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ছিল ৬ হাজার টাকা। মূল সনদ ফিসহ তাঁদের মোট দিতে হতো ৬ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে স্নাতক পর্যায়ে মোট ফি ১ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার টাকা কমেছে।
প্রাথমিকভাবে নির্ধারিত ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী ফি কমানোর দাবি জানান। তাঁদের অভিযোগ, পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় থাকা ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই ফি বহন করা কঠিন। আবাসনসংকটের কারণে মেসভাড়া, খাবার ও যাতায়াতের খরচ বহনের পাশাপাশি সমাবর্তনের ফি তাঁদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছিল।
এ পরিস্থিতিতে জকসু ফি পুনর্নির্ধারণের দাবি জানায়। গত ২২ অক্টোবর জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা নির্ধারিত সময়ের মধ্যে ফি কমানোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময়সীমা বেঁধে দেন। দাবি পূরণ না হলে উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনও ফি কমানোর দাবি জানায়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
Leave a Reply