1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

রোববার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সুইডেনের সংসদীয় ব্যবস্থা এককক্ষবিশিষ্ট প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গোষ্ঠী গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রপ্রিয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ জীবন দিতেও পিছপা হননি। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন। বাংলাদেশের জনগণ নিজেদের পছন্দের দল ও প্রার্থীর পক্ষে ভোট দেন। ভোটাররা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখেন।

সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস জানান, সুইডেনের সংসদে মোট ৩৪৯টি আসন রয়েছে। সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন।

তিনি বলেন, সুইডেন আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা সংসদ ও সরকারের হাতে ন্যস্ত।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সংসদীয় মৈত্রী গোষ্ঠী ও ককাস গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া দুই দেশের মধ্যে ক্রীড়া, সংস্কৃতি ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ সময় স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে সুইডিশ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News