
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি বা ‘নির্বাচন প্রকৌশল’-এর চেষ্টা হলে সরকারকে মাগুরার নির্বাচনের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দিতে এবং পছন্দের প্রার্থী নির্বাচন করতে প্রস্তুত। ১১-দলীয় জোটের প্রার্থী দেলোয়ার হোসাইনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। আগামী দিনের জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো আবারও ভোট কারচুপির পরিকল্পনা হচ্ছে বলে তাঁদের কাছে বিভিন্ন তথ্য রয়েছে। এমন কিছু ঘটলে সরকারকে মাগুরার নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, মাগুরার নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটি কালো অধ্যায়, যার পর সরকার পতনের আন্দোলন গড়ে উঠেছিল এবং তা চূড়ান্ত রূপ নিয়েছিল।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকতে না চাইলে তাঁদের জোর করে ক্ষমতায় রাখা সম্ভব নয়। ঠাকুরগাঁওয়ে মাগুরার ঘটনার পুনরাবৃত্তি তাঁরা চান না। এ ধরনের কোনো অসৎ পরিকল্পনা থাকলে তা পরিত্যাগ করে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ সজাগ রয়েছে এবং নির্বাচন প্রকৌশল ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে তাঁরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন।
১১-দলীয় জোটের ঐক্য নিয়ে এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, জোট ভেঙে যাওয়া বা ১১ দল থেকে কোনো দল বেরিয়ে যাওয়ার বিষয়ে যে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে, নেতাদের উপস্থিতিই তার জবাব। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা না হওয়া পর্যন্ত জোটের ঐক্য অটুট রেখে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে আগামী ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন হামিদুর রহমান আযাদ। তিনি জানান, সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জমায়েত শুরু হবে। সকাল ৮টায় সমাবেশ শেষে যাত্রা শুরু হবে। ঢাকা থেকে শুরু হয়ে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হবে।
লংমার্চের পথে ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। স্থানগুলো হলো মাদারীপুর-শরীয়তপুরের নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরি চত্বর, খুলনার ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মণিরামপুর মোড় এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড। কর্মসূচির সমাপনী সভা হবে কুষ্টিয়া জেলা হাইস্কুল মাঠে।
হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চ হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব। এর মাধ্যমে সরকারকে জনগণের ভাষা বুঝতে এবং পরিস্থিতি থেকে শিক্ষা নিতে বার্তা দেওয়া হবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কর্মসূচির প্রতিটি স্থানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সম্ভাব্য উসকানি ও বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তাঁর অভিযোগ, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা না নেওয়া হলে কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে সরকারের ভূমিকা রয়েছে বলে তাঁরা মনে করবেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো ষড়যন্ত্রমূলক কাজে জড়িত হবেন না; বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবেন।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র মহাসচি
Leave a Reply