যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরাইল। ইরানের সামরিক প্রস্তুতি বাড়ানোর প্রমাণ পাওয়া গেলে দেশটিতে নতুন করে হামলা চালানো হতে পারে বলে মনে করছেন ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নির্বাচন সামনে রেখে এমন পদক্ষেপ এড়িয়ে চলবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পরিস্থিতির পরিবর্তন হলে ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি ইসরাইলের নিরাপত্তাবিষয়ক বৈঠকে আলোচনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন রোরিং লায়ন’ অভিযানে ক্ষয়ক্ষতির পর ইরান কীভাবে সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছে, সে বিষয়ে গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছে ইসরাইল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের নতুন করে সামরিক প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, এসব প্রস্তুতি সম্পন্ন হলে ইরানের যুদ্ধ করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর আগে সংঘাতের পর ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের বিষয়টিও বিভিন্ন মূল্যায়নে উঠে এসেছিল।
আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু নির্ধারিত পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন করতে চান। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরাইল জরুরি পরিস্থিতির মুখে পড়লে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ব্যাহত হতে পারে।
তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সামরিক প্রস্তুতি ও তৎপরতার গতির ওপর পরিস্থিতির পরিবর্তন নির্ভর করছে। নতুন পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মূল্যায়নও হালনাগাদ করা হচ্ছে।
নির্বাচনের আগে উত্তেজনা এড়িয়ে চলার ইচ্ছা থাকলেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না ইসরাইল।
কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের পরিস্থিতির পরিবর্তনের কারণে ইসরাইলকে আত্মরক্ষায় পদক্ষেপ নিতে হতে পারে—এমন সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ সোমবার আকস্মিক ও সংক্ষিপ্ত সফরে ইসরাইল যান। দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক আলোচনা জোরদার হওয়ার প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান শমুয়েল বেন এজরা এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
ইরানকে কেন্দ্র করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তাবিষয়ক আলোচনা চলার মধ্যেই হেগসেথের এ অঘোষিত সফর অনুষ্ঠিত হয়। আলোচনায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নতুন করে অভিযান চালানোর সম্ভাবনাও গুরুত্ব পেয়েছে।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। হেগসেথের সফরের আগে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি, জানানো হয়নি আনুষ্ঠানিক কর্মসূচিও।
প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা তেল আবিবের সামরিক সদর দপ্তরের পরিবর্তে দক্ষিণ ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ইরানকে ঘিরে দুই দেশের চলমান আলোচনার প্রেক্ষাপটে বৈঠকের স্থানটিকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Leave a Reply