1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে কৃষকদের ৮০০ কোটি ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্রে ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে কৃষকদের ৮০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে তিনি জানান, দেশটির কৃষি বিভাগ নতুন একটি কর্মসূচি চালু করবে। এর আওতায় কৃষকদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।

ট্রাম্প বলেন, ফসল কাটার এই মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে কৃষকদের ৮০০ কোটি ডলার সহায়তা দেওয়া হবে।

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে রিপাবলিকান প্রেসিডেন্টের ধারাবাহিক আর্থিক প্রতিশ্রুতি ও সহায়তার ঘোষণার সর্বশেষটি এটি। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে রয়েছে রিপাবলিকান পার্টি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় সামাল দিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্টের জনসমর্থনও কমেছে।

কৃষি ও গ্রামীণ অর্থনীতিনির্ভর অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচন সামনে রেখে সমর্থন ধরে রাখার চেষ্টা করছে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এসব এলাকার কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

চলতি মাসের শুরুতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তাঁর দাবি, এর মাধ্যমে করমুক্ত ডিজেলের প্রাপ্যতা বাড়বে।

ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, ফসল কাটার মৌসুমে কৃষকদের এককালীন সহায়তা দিতে ৮০০ কোটি ডলার বরাদ্দ রাখা হবে। সাময়িক বাজারের বিঘ্ন এবং উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ কমাতে এ অর্থ দেওয়া হবে।

কৃষি বিভাগের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ফসল উৎপাদন বছরে হিসাব করা সম্ভাব্য ক্ষতির একটি অংশ পুষিয়ে দিতে অভিন্ন সূত্রের ভিত্তিতে কৃষকদের আনুপাতিক হারে সহায়তা দেওয়া হবে। কৃষি বিভাগের খামারসেবা সংস্থার মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে।

কৃষকদের সহায়তার পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে পাঁচ হাজার ডলারের চেক দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে এ পরিকল্পনা নিয়ে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য সংশয় প্রকাশ করেছেন।

এ মাসের শুরুতে ট্রাম্প আরও ঘোষণা দেন, বয়স্কদের স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতাভুক্ত দুই কোটির বেশি মার্কিন নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেবে যুক্তরাষ্ট্র সরকার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News