1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের সম্পৃক্ততার অভিযোগ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এ ঘটনায় ইরানের দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। খবর আল-জাজিরার।

সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহ্যাম বলেন, বিমানঘাঁটিকে লক্ষ্য করে কথিত ষড়যন্ত্রটি প্রায় নিশ্চিতভাবেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে পরিচালিত হয়েছে।

তিনি বলেন, যুক্তরাজ্যের ভূখণ্ডে এ ধরনের হুমকি সহ্য করা হবে না। ইরানের কর্মকাণ্ড এবং সেগুলোর অর্থায়নের উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেন তার হাতে থাকা সব ক্ষমতা ব্যবহার করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষতি করার সক্ষমতা সীমিত করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরান সরকারের পক্ষে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা এসব কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দুই ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের অধিকাংশ দেশসহ ২৯টি দেশ এক যৌথ বিবৃতিতে বিমানঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টার জন্য ইরানকে দায়ী করেছে।

বিবৃতিতে বলা হয়, অন্য দেশের ভূখণ্ডে মানুষকে হুমকি দেওয়া, ভয় দেখানো, হয়রানি করা, ক্ষতি করা কিংবা জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, সোমবার যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি এ ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে, প্রমাণ ছাড়া কোনো বক্তব্য না দিতে ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত বলে ব্রিটিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন রাষ্ট্রদূত।

এর আগে, লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসও এ ঘটনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News