চুরির অভিযোগে নির্যাতনের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাওয়ানোর ভিডিওতে আলোচনায় আসা শিশু তুবা চার মাস পর বিদ্যালয়ে ফিরেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তুবাকে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। সেখানে শিক্ষক ও সহপাঠীরা তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে তুবাও আনন্দ প্রকাশ করে।
তুবার পরিবারের নানা সমস্যার কারণে এতদিন তার পড়াশোনা বন্ধ ছিল। উপজেলা প্রশাসন জানিয়েছে, তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি তুবার বাবা অনিক সরদারকে চিকিৎসার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে বামরাইল বাজারে কথিত চুরির অভিযোগে অনিক সরদারকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তুবা বাবাকে চা-রুটি খাওয়ায়। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ইউএনও মো. আলী সুজা বলেন, তুবার পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারটির পুনর্বাসনেও উপজেলা প্রশাসন সহযোগিতা করবে। বাবার চিকিৎসা শেষে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
Leave a Reply