বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এয়ারবাসের সঙ্গে ক্রয়সংক্রান্ত আলোচনা চলছে। তবে উড়োজাহাজ সরবরাহের সময়সূচি নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১৪টি বোয়িং কেনার চুক্তি করে সরকার। পরে ২৩ সেপ্টেম্বর আরও ১১টি বোয়িং কেনার চুক্তি হয়। সব মিলিয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের নতুন উড়োজাহাজের অর্ডার দাঁড়িয়েছে ২৫টিতে।
প্রস্তাবিত এয়ারবাসের ১০ উড়োজাহাজের মধ্যে চারটি A350-900 এবং ছয়টি A321neo রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘমেয়াদে বিমানের বহর আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে এসব উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply