কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যকে ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা করা হলে তা তদন্ত করে দেখা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সালমান ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা করেননি। তবে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলা তার অভ্যাস হতে পারে। এ বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান।
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাটের ঘটনায় শাহআলী থানার ওসির দায়িত্বে অবহেলা পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাসদ কার্যালয় থেকে আটকের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ফোন ফরেনসিক করা হবে। নাশকতায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে মামলা করা হবে।
Leave a Reply