মক্কাকে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সৌদি আরব ইয়েমেনের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হুথি নেতা আবদুল মালিক আল-হুথি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক ঘণ্টার টেলিভিশন ভাষণে তিনি এ অভিযোগ করেন। আল-হুথি সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান করে বলেন, হুথিরা মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। সৌদির এ দাবি তিনি ‘জঘন্য মিথ্যা’ ও প্রচারণা বলে অভিহিত করেন।
আল-হুথি বলেন, মক্কার পবিত্রতা ইয়েমেনের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব মক্কার নাম ব্যবহার করে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি সৌদি আরব জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হুথি নেতা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।
আল-হুথির দাবি, ইয়েমেনে চলমান সংঘাতের বর্তমান পর্যায় সৌদি আরবই শুরু করেছে এবং হুথিদের সামরিক তৎপরতা আত্মরক্ষামূলক। সৌদি সামরিক অভিযানের কারণে ইয়েমেনের সংঘাত আরও বিস্তৃত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সৌদি আরবের সামরিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রভাব রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply