সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তায়েফে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত একজন ইয়েমেনি নাগরিক। আহত দুজনের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্স জানায়, হুথিদের ছোড়া ওই ড্রোনটি তায়েফের আকাশে প্রতিহত করে ধ্বংস করা হয়। পরে ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে হতাহতের ঘটনা ঘটে। এতে কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ ড্রোনটি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোড়া বলে দাবি করেছে। তবে এ ঘটনায় হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি।
চলতি মাসে হুথিদের সঙ্গে সংঘাত বাড়ার পর সৌদি আরবে এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর আগে সৌদি আরব বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে।
এদিকে, মক্কা অভিমুখী একটি ড্রোন ধ্বংসের ঘটনাকে ঘিরেও সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। সৌদি আরব হুথিদের দায়ী করলেও হুথিরা মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে।
Leave a Reply