রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে কারণ হিসেবে প্রশাসনিক বিষয় উল্লেখ করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে ওই সময়ে সেখানে জুমার নামাজের কথা বলে লোকজন জড়ো হওয়ার বিষয়টি পুলিশ হয়তো আগে থেকে অনুমান করতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply