সৌদি আরবে নতুন হামলা এবং হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার শুরুর পর বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬২ ডলার বা ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ২৩ ডলারে ওঠে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও একটি মসজিদের ভিডিও প্রকাশ করা হয়। সৌদি কর্তৃপক্ষ এ হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। অন্যদিকে হুথিরা সৌদির একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার পর আগুন ধরে যায়। ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, পরে জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়। ইরানও জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ থাকায়। ইরাক থেকে চালানো ড্রোন হামলার পর গত সপ্তাহে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়। হরমুজ প্রণালির বিকল্প এই সরবরাহপথ বন্ধ থাকায় বাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর সতর্ক করেছেন, ওমানে চলমান আলোচনায় কার্যকর সমাধান না এলে কিংবা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু না হলে তেলের দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ব্রেন্টের দাম মার্চের শুরুতে দেখা ১১৯ দশমিক ৪৮ ডলারের সর্বোচ্চ পর্যায়ের দিকে যেতে পারে।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা কমানোর উদ্যোগও অনিশ্চয়তায় পড়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জানিয়েছেন, সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলো ও ইরানের মধ্যে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
Leave a Reply