
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া জানান, প্রায় পাঁচ দশক ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করে আসছেন। মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত হিসেবে নিজের ভূমিকা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে বিশেষ দূত বলেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
ইয়োহেই সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। তার মতে, সংকট সমাধানে মিয়ানমার সরকার আন্তরিক হলেও রাখাইন রাজ্যের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতিতে সময় লাগছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমনিতেই একটি ঘনবসতিপূর্ণ দেশ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, অবকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। প্রত্যাবাসনের পর মিয়ানমারে তাদের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ আগ্রহী।
এছাড়া বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে সহযোগিতা করার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন ইয়োহেই সাসাকাওয়া।
Leave a Reply